বগুড়ায় এসেছে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের ব্যাগ, পোশাক ও জুতা
স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য পোশাক, জুতা ও স্কুল ব্যাগ জেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে এই সামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে এলেই সুবিধাজনক সময়ে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এই উপহারগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।
জানা গেছে, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পোশাক, জুতা ও স্কুল ব্যাগ প্রদান করা হবে।
এই কার্যক্রমের জন্য বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে এসব সামগ্রী পৌঁছে যেতে শুরু করেছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার প্রথম চালানে জেলার ১৩ উপজেলার জন্য বিনামূল্যে মোট ৫ হাজার ৫৫৫টি স্কুল ব্যাগ, ৫ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর জন্য ইউনিফর্ম এবং ১ হাজার ৮০৮ জন শিক্ষার্থীর জন্য জুতা এসেছে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এই মালামালগুলো একজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বগুড়ায় আনা হয়েছে। সামগ্রীগুলো নিরাপদে সংরক্ষণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ইতোমধ্যে দুটি নির্দিষ্ট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) রেজোয়ান হোসেন জানান, মালামালগুলো বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর দেশব্যাপী এই উপহার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর পূর্ব নির্বাচিত বিদ্যালয়গুলোতে এসব উপহার বিতরণ করা হবে। সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এই উপহারসামগ্রী তুলে দেবেন। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল শিশুই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর এই উপহার পাবে বলে জেলা শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184870