বগুড়াকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

বগুড়াকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, মানুষের ব্যক্তিগত পছন্দ যাই হোক না কেন, সরকারি ম্যানিফেস্টো বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব। সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছে।

বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রার বিনিময়মূল্য হ্রাস পেলেও এই সরকারের সময়ে বাংলাদেশের মুদ্রার মান আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে তেল-গ্যাসের দাম দিগুণ হলেও আমাদের দেশে সেই তুলনায় বৃদ্ধি পায়নি।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বগুড়ার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা জজ আদালতের পিপি এড. আব্দুল বাছেদ, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ  খান রুবেল, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফজুর রহমান, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. আঞ্জুমান আরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার প্রমুখ।

মত বিনিময় সভায় প্রধান অতিথি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশের উন্নয়ন করেছিলেন এবং তিনি উন্নয়নে বিশ্বাসী ছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই দেশ এগিয়ে চলেছে। বিগত সরকার এমন পরিস্থিতি তৈরি করেছিল যেন মানচিত্র থেকে বগুড়ার নাম মুছে ফেলা যায়।

তারা বগুড়ার কোনো উন্নয়নমূলক কাজ করেনি এবং কোনো কৃষিভিত্তিক শিল্পও গড়ে তোলেননি। তিনি দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে বগুড়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় বক্তারা সরকারি আযিযুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ ও মোস্তফাবিয়া মাদ্রাসার উন্নয়ন দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

এ ছাড়া আযিযুল হক কলেজের ছাত্রাবাসগুলো দ্রুত খুলে দেওয়া এবং বসবাসের অযোগ্যাবস্থায় থাকা হলগুলো সংস্কারের জোর দাবি জানানো হয়। সভায় সারিয়াকান্দিতে নৌ পুলিশ ফাঁড়ি, চরে পুলিশ ফাঁড়ি স্থাপন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের বাইপাস সার্জারি ইউনিট চালু করা, চুরি-ছিনতাই রোধ, শহরের গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা এবং মাদক মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184868