রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও অশ্লীল ভিডিওধারণ গ্রেফতার ২
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে সপ্তম শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইলিং করে চাঁদা দাবির অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর সেনপাড়া ও কামারপাড়া এলাকা থেকে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সালমান(২০) ও স্বপ্ন(২১)। তারা দুজনই শিক্ষার্থী।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, সপ্তম শ্রেণি পড়ুয়া পূর্বপরিচিত ওই শিক্ষার্থীকে গত ২ সেপ্টেম্বর সালমান তার বন্ধু স্বপ্নের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে সালমান।
এক পর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখায় সালমান। এরপর প্রায়ই ওই ছাত্রীর ব্যক্তিগত আইডিতে যোগাযোগ করে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীর মায়ের কাছে সেই ভিডিও পাঠিয়ে দিয়ে টাকা দাবি করে সালমান।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় আসামিদের রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে নেওয়া হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে একই আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী জবানবন্দি দিয়ে ঘটনার বিবরণ দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184847