ভয় দেখিয়ে অরাজকতা করে আ. লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার
মাদারীপুরের কালকিনিতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ভয় দেখিয়ে ও অরাজকতা সৃষ্টি করে আ.লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।
তিনি বলেন, সারা দেশে আবারও হুমকি-ধামকি, প্রশাসনের ওপর হামলা, বোমার শব্দ ও গাড়ি পোড়ানোর মতো ঘটনা শুরু হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে খোকন তালুকদার বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি সরকার গঠনের ছয় মাস না পেরোতেই রাজপথে হুমকি-ধামকি শুরু হয়েছে।
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, তা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে। জাতীয়তাবাদী শক্তি মাঠে আছে বলেই অন্যরা বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার ও শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184843