বগুড়ায় মোকছেদুল হত্যার ঘটনায় একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় আলোচিত মোকছেদুল হত্যাকান্ডের ঘটনায় রহিত (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২ বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনগত রাত পোনে ২টার দিকে বগুড়া সদরের টিএমএসএস হাসপাতালের পাশ থেকে মোকছেদুল হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি রহিত (২১)কে গ্রেফতার করা হয়। সে ঠেঙ্গামারা গ্রামের মৃত কমলের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিহত মোকছেদুল হাসান (৩৮) মহানগরের মাটিডালি বিমান মোড়ে সিএনজি স্ট্যান্ডের সভাপতি ছিলেন। গত ৪ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি মাটিডালি উত্তরপাড়ায় জারা কার হাউসের পাশে নিউ প্রাপ্ত মটরস দোকানের সামনে বসে ছিলেন। এসময় মামলার এজাহার নামীয় আসামিরাসহ অজ্ঞাত ১০/১৫ জন দুর্বৃত্ত একটি হাইস মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে সেখানে আসে।
এরপর তারা পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি করে জনগনের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ সময় তারা মোকছেদুলকে মারপিটের এক পর্যায়ে রামদা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৭দিন পর তিনি মারা যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184819