এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ে চোখ লিটনের

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ে চোখ লিটনের

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে নিয়মিতই বিভিন্ন টুর্নামেন্টে খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এশিয়ান গেমসের মতো মাল্টি-স্পোর্টস আসরে খেলার সুযোগটা তাদের কাছে আলাদা। এবার সেই সুযোগ পেয়ে শুধু অংশগ্রহণ নয়, সরাসরি স্বর্ণপদকের স্বপ্ন দেখছেন লিটন দাস।

এশিয়ান গেমসে ক্রিকেটের সর্বশেষ স্বর্ণপদক এসেছিল ২০১০ সালে। এরপর আর সোনার পদক জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এবার সেই অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়েই এশিয়ান গেমসে নামতে চান লিটনরা।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, বাংলাদেশ দল খেলেছে অনেকবারই, প্রথমবার আমরা খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে এটা একটা বড় জিনিস যে জাতীয় দলে খেলছি, সাথে এরকম একটা জায়গায় খেলা—এটাও একটা বড় জিনিস। ক্রিকেটে সবসময় আপনি কোনো একটা ট্রফির জন্য লড়াই করেন, জিতলে আপনি ট্রফি জিতবেন, বাট এখানে এটা গোল্ডের বিষয়, এটা একটা বড় স্বপ্ন। এশিয়ান গেমসে খেলাকে তাই অন্য যেকোনো আসরের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশের এই ব্যাটার। তার মতে, জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো সুযোগ নিয়মিত এলেও এশিয়ান গেমসে খেলার সুযোগ খুব বেশি আসে না। ফলে দলের প্রত্যেক ক্রিকেটারই এই আসর নিয়ে বাড়তি রোমাঞ্চিত।

লিটন বলেন, ‘স্বর্ণপদক জয়ের আশা তো সবাই করবে। আমি একজন খেলোয়াড় হিসেবে এই আশা নিয়েই যাব যে ওখানে ভালো কিছু করব। আমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি এই টুর্নামেন্টে খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টে প্রতিবার আসে না, আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা ন্যাশনাল টিমের যেকোনো টুর্নামেন্ট একবছর পরপরই পেয়ে যাবেন, কিন্তু এই খেলাটা খুব ‘রেয়ার’ হয়।

দীর্ঘদিন পর এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের সুযোগকে তাই বড় স্বপ্ন হিসেবে দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। লিটনের কথায়, প্রত্যাশার চাপ থাকলেও সেটিই বরং তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে। প্রত্যেকটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত এবং বড় স্বপ্ন যেটা ওই পূরণ করার চেষ্টা করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184787