আজ দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান
আন্তর্জাতিক ডেস্ক : আজ ২৩ সেপ্টেম্বর, জ্যোতির্বিজ্ঞানের হিসেবে শুরু হচ্ছে শরৎকাল। এ দিন সূর্য বিষুবরেখা অতিক্রম করবে। ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হবে। এই ঘটনাকে বলা হয় ‘শরৎ বিষুব’।তবে বাংলাদেশের সঙ্গে বিষয়টি একটু আলাদা।
২৩ সেপ্টেম্বর বাংলাদেশে নতুন করে শরৎকাল শুরু হচ্ছে না। বাংলা ঋতুচক্র অনুযায়ী বাংলাদেশে শরৎকাল এরই মধ্যে চলছে। ‘শরৎ বিষুব’ নামটি মূলত উত্তর গোলার্ধের জ্যোতির্বৈজ্ঞানিক ঋতুচক্রের সঙ্গে সম্পর্কিত। ইউরোপসহ উত্তর গোলার্ধের অনেক দেশে এই দিনকে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে শরতের শুরু ধরা হয়।
রয়্যাল মিউজিয়ামস গ্রিনিচের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ভোর ১টা ৬ মিনিটে ব্রিটিশ সময় বিষুব ঘটে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি সকাল ৬টা ৬ মিনিট। বিষুবের সময় সূর্য পৃথিবীর বিষুবরেখার ওপর অবস্থান করে। ফলে দুই গোলার্ধ সূর্যের আলো প্রায় সমানভাবে পায়। এ কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি সমান হয়।
তবে দিন ও রাত ঠিক ১২ ঘণ্টা করে হয় না। বায়ুমণ্ডলের কারণে সূর্যের আলো কিছুটা বাঁক নেয়। ফলে সূর্য ওঠার আগেই আলো দেখা যায় এবং সূর্য ডোবার পরও কিছুক্ষণ আলো থাকে। বিষুবের পর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকে। তবে এর মানে এই নয় যে বিষুবের দিন থেকেই হঠাৎ ঠান্ডা পড়ে যাবে। আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে ঘটে।
বিষুবের বৈজ্ঞানিক গুরুত্বের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিতেও এর গুরুত্ব রয়েছে। যুক্তরাজ্যের স্টোনহেঞ্জে প্রতি বছর এই দিন উপলক্ষে অনেকে জড়ো হন এবং সূর্যোদয় দেখেন। তথ্যসূত্র : বিবিসি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184772