অর্থকষ্টে থাকা আল আমিনের পড়াশোনার দায়িত্ব নিলেন ডাকসু ভিপি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আল আমিনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আল আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে ডাকসু ভিপি সাদিক কায়েমের।
এরপর আল আমিনের সঙ্গে যোগাযোগ করে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ডাকসু ভিপি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষাসংক্রান্ত ব্যয়ের দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।
আল আমিনের পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট রয়েছে। পরিবারের সীমিত আয় দিয়ে সংসারের প্রয়োজন মেটানোর পাশাপাশি তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরও উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
এমন পরিস্থিতিতে ডাকসু ভিপির এই উদ্যোগে আল আমিনের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়েন—এমন উদ্যোগের অংশ হিসেবেই এ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন আল আমিনের সাথে কথা বলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।তার পুরো অনার্স লাইফের পড়াশোনার দায়িত্ব তিনি নিচ্ছেন।ইতিমধ্যেই তার পরবর্তী ছয় মাসের জন্য প্রয়োজনীয় অর্থ তাকে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর পাশাপাশি তার পরিবারকেও আমরা সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল আমিন বলেন, অর্থের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় ছিলেন। ডাকসু ভিপি তার পাশে দাঁড়ানোয় তিনি নতুন করে আশাবাদী হয়েছেন। পড়াশোনা শেষ করে নিজের ও পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184758