৪৬ নেতাকর্মীকে নিজ উদ্যোগে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

৪৬ নেতাকর্মীকে নিজ উদ্যোগে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

নিজ নির্বাচনী এলাকার ৪৬ নেতাকর্মীকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংক্ষিপ্ত আলোচনা শেষে ওমরাহ যাত্রীদের বিদায় জানান তিনি।

আলোচনায় লুৎফুজ্জামান বাবর বলেন, ‘এখানে কোনো রাজনীতি নেই। রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদের পাঠাচ্ছি না। এটা আমার মনের খায়েশ, মনের এরাদা, নেক এরাদা। আমার মন চেয়েছে যে আপনাদের পাঠাব।

ওমরাহ যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজেরা আত্মশুদ্ধি হয়ে দেশে ফিরবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন।’

ভবিষ্যতে আরও অনেককে ওমরাহ পালনে পাঠানোর ইচ্ছার কথাও জানান বাবর। তিনি বলেন, ‘আল্লাহ যদি তৌফিক দেন, দোয়া করবেন। আমার মনে আরও অনেককে পাঠানোর এরাদা আছে। জানি না পারব কি না। আল্লাহ যেন কবুল করেন।’

ওমরাহ যাত্রীদের গাইডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বাবর বলেন, ‘আমাদের যে মাওলানা সাহেব, তিনি হচ্ছেন গাইড। তার প্রতিটি নির্দেশ আপনাদের মেনে চলতে হবে।’

বিদায়ের আগে ওমরাহ যাত্রীদের কাছে নিজের জন্য দোয়া চান বাবর। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে বলেন তিনি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।

দেশের জনগণের জন্যও দোয়া করতে বলেন বাবর। তিনি বলেন, ‘সব মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে রক্ষা করেন, হেদায়েত করেন। আপনারা হেদায়েতপ্রাপ্ত হয়ে আসেন এবং আত্মশুদ্ধির দিকে নজর দেবেন।’

আলোচনা শেষে ওমরাহ যাত্রীরা এশার নামাজ আদায় করেন। পরে রাতের খাবার শেষে ওমরাহ যাত্রীদের সঙ্গে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন লুৎফুজ্জামান বাবর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184747