বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ৩

বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লসনা এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাইজদী চাবাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং ও সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী রিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, বাসটি আটক আছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184744