নতুন নতুন গানে আর ডাবিংয়ে ব্যস্ত সুজানা রূপা

নতুন নতুন গানে আর ডাবিংয়ে ব্যস্ত সুজানা রূপা

অভি মঈনুদ্দীন:  নতুন নতুন মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে যতোটা আগ্রহী ঠিক ততটাই নাটক, সিনেমাতেও গান গাইতে প্রবল আগ্রহী এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সুজানা রূপা। আবার তিনি ডাবিংও করেন। তার ডাবিং করার বিষয়টি অবশ্য এতদিন আড়ালেই ছিল। গত রবিবার সুজানা রূপা ইমন পরিচালিত ‘মন শুধু চায় তোমাকে’ সিনেমায় নায়িকার ডাবিং-এর কাজ সম্পন্ন করেন। এরইমধ্যে সুজানা রূপা আগামী দুর্গা পূজার জন্য নির্মিত বন্ধন বিশ্বাসের একটি সিরিজে‘দুঃখী মায়ের কামনা’ শিরোনামের একটি গান গেয়েছেন। এটি লিখেছেন ও সুর করেছেন মানারাউল হক বাসিত। গানটিতে সুজানা রূপার সহশিল্পী শাহাদাৎ।

সুজানা রূপা বলেন, ‘একজন পেশাদার শিল্পী হিসেবে আমি সবসময়ই গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। হোক তা যেকোনো মাধ্যমে। গান গাওয়াটাই হলো বড় বিষয়। আমার কাছে মনে হয় একজন শিল্পী তার নতুন নতুন গানের মধ্যদিয়েই বেঁচে থাকে, গান গাওয়ার অনুপ্রেরণা পায়। যে কারণে আমি নতুন গান গাওয়ার বিষয়ে ফোকাস রাখি সবসময়। আর ডাবিং-এর বিষয়টা আমার জন্য নতুন কিছুনা। এটা একটা অন্যরকম ভালোলাগার বিষয়। ভালোলাগে বলেই কাজটা মন দিয়ে করি। আমাদের সিনিয়র অনেক গায়ক-গায়িকা, অভিনেতা- অভিনেত্রী আছেন যারা নিয়মিত ডাবিং করেন। এখান থেকে বেশ ভালো সম্মানীও পান তারা। যে কারণে আমিও ডাবিং- করতে আগ্রহী সবসময়। তবে ডাবিং করা সহজ কোনো বিষয় নয়। উচ্চারণের ক্ষেত্রে শতভাগ পারফেক্ট হতে হয়। তা না হলে এখানে নিয়মিত কাজ করা অসম্ভব। দু’বছর আগে শখের বশে শুরু করেছিলাম। এখন পেশাগতভাবেই করছি।’

এরইমধ্যে সুজানা রূপার কণ্ঠে আরো মৌলিক নতুন চারটি গান প্রকাশ পেতে যাচ্ছে। এরমধ্যে দুটি গানের শিরোনাম হচ্ছে ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারবো না’। ‘রূপকন্যা’ গানটি লিখেছেন ও সুর করেছের রুস্তম মল্লিক। ‘তোর কথা যে ভুলতে পারবো না’ গানটি লিয়াকত আলী বিশ্বাসের লেখা ও আশরাফ বাবুর সর করা। আগামী ১ অক্টোবর চুরাশিয়ান ব্যাচের গেট-টুগেদার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সুজানা রূপা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184689