আন্নার আড্ডায় মেতে উঠেছিলেন তারা

আন্নার আড্ডায় মেতে উঠেছিলেন তারা
 

একটা সময় একের পর এক চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন সুলতানা, নূতন, দিলারা, রীনা খান, দুলারী, রেবেকাসহ আরো অনেকেই। তবে সময়ের ধারাবাহিকতায় সিনেমায় গল্প বলার ধরন বদলেছে, কাস্টিং-এও এসেছে পরিবর্তন। যে কারণে অনেক সিনিয়র শিল্পীরই আর অভিনয় করা হয়ে উঠছেনা আগের মতো। যে কারণে কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়াও তাদের দেখা সাক্ষাৎও হচ্ছেনা নিয়মিত। এ বিষয়টিকে বিবেচনায় রেখে দু’দিন আগে অনেক চলচ্চিত্রে মা চরিত্রে অভিনয় করা শিল্পী কামরুন্নাহার আন্না রাজধানীর আগারগাঁওতে তার নিজের বাসায় সিনিয়র বেশ কয়েকজন শিল্পীকে আমন্ত্রণ করেছিলেন। দীর্ঘদিন ধরেই আন্নার পরিকল্পনা ছিল সবাইকে নিয়ে এই আড্ডাটা করার। তারপরও তার আহ্বানে সাড়া দিয়ে এই আড্ডায় অংশ নিয়েছিলেন সুলতানা, নূতন, দিলারা, রীনা খান, রেবেকাসহ আরো বেশ কয়েকজন শিল্পী। কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ-এর বাবা নায়ক বিশ্বজিৎ-এর বোনের চরিত্রে ‘রক্তাক্ত বাংলা’ সিনেমার ‘ও দাদা ভাই মূর্তি বানাও’ গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। এই গানে সুলতানা দারুণ অভিনয় করেছিলেন। এছাড়াও সুলতানার আরো বহু বিখ্যাত সিনেমা রয়েছে।

সুলতানা বলেন,‘সত্যি বলতে কী অনেকদিন পর এই ধরনের গল্প আড্ডায় মেতে উঠে ভালোলেগেছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আন্নাকে তার বাসায় এমন একটি আয়োজনের জন্য।’

নায়ক রাজ রাজ্জাকসহ আরো অনেক কিংবদন্তী নায়কের সঙ্গে সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন দিলারা ইয়াসমিন।

তিনি বলেন,‘আমারতো আসলে কোনো জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হওয়া হয়ে উঠেনা। আন্না যেদিন আমাকে পুরো পরিকল্পনাটা জানায় সেদিনই আসলে আমার ভালোলেগেছিলো। আর সবার সঙ্গে দেখা হয়েও এতটা ভালোলেগেছে যে আমি এই আনন্দ, এই খুশিটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

আন্না বলেন,‘আরো অনেককেই আসলে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু একটি নির্দিষ্ট দিন সবার মিলবে এমনটাও নয়। যে কারণে অনেকেই আসতে পারেননি। আবার পরে অনেকেই আফসোসও করেছেন। তবে সবচেয়ে ভালোলাগার বিষয় যে আমার বাসায় সুলতানা আপা, নূতন আপা, দিলারা আপা, রীন আপাসহ সবাই এসেছেন। দিনটা আমার জীবনে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, নূতনের সঙ্গে দিলারা ‘জুলুম’সহ আরো কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন। আর সুলতানার সঙ্গে নূতন ‘সাত ভাই চম্পা’,‘রসিয়া বন্ধু’সহ আরো কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন। তবে আন্না নূতন, সুলতানা, দিলারা এই তিনজনের সঙ্গে সিনেমাতে অভিনয় করার সুযোগ পাননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184679