দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর স্বাভাবিক মৃত্যু না হত্যা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শাপলা বেগমের (২৮) স্বাভাবিক মৃত্যু নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিবাগত রাত ৪টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামে। সে ওই গ্রামের জহুরুল হকের স্ত্রী। স্বামীর পক্ষে দাবি করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু আর বাবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
নবাবগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) সাহারুল ইসলাম জানান, মৃতার শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা চিহ্ন রয়েছে। গলায় দাগ রয়েছে। ডান হাতের কব্জি ভাঙার মত বাঁকা আছে। দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। মৃতার বাবা পার্বতীপুর উপজেলার মোবারকপুর গ্রামের আজিবর রহমান দাবি করছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তার মেয়ের মৃত্যু সংবাদ তাকে দেয়া হয়নি। মেয়ের গ্রামের একজনের মাধ্যমে সোমবার সকাল ৬ টায় তিনি সংবাদ পেয়েছেন।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184590