পাবনার চাটমোহরে আগুনে পুড়ে বাড়িঘর ভস্মীভূত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১০টি ঘর, পাট, রসুনসহ সবকিছু ভস্মীভূত গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে। আগুনে পরিবারগুলোর দেড়শ’ মণ পাট, রসুন, ফসলাদি, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন- হোগলবাড়িয়া গ্রামের আব্দুর রহিম, পিয়াস উদ্দিন, ফজলুর রহমান, শাহাদুল, আছতুল ও সিদ্দিক আলী। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর খৈয়াম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার করে টাকা ও এক প্যাকেট করে শুকনো খাবার দেওয়া হয়। এছাড়া প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184585