বগুড়ার সোনাতলায় অযত্নে নষ্ট হচ্ছে ভূমি অফিসের সিন্দুক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : একসময় গুরুত্বপূর্ণ সরকারি নথি, দলিল ও মূল্যবান সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো ভারী লোহার তৈরি সিন্দুক। সময়ের পরিক্রমায় আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু হওয়ায় সেই সিন্দুকগুলোর ব্যবহার কমে গেছে। বগুড়ার সোনাতলা ভূমি অফিস চত্বরে পড়ে থাকা এমনই একটি পুরোনো ও মূল্যবান সিন্দুক এখন অযত্ন-অবহেলায় নষ্ট হতে চলেছে।
গতকাল সোমবার সরেজমিনে ওই ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, লোহার সিন্দুকটি দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসের সামনে পরিত্যক্ত জায়গায় পড়ে থাকায় এর গায়ে মরিচা ধরেছে। ধুলোবালি, ময়লা ও আবহাওয়ার বিরূপ প্রভাবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে এর বিভিন্ন অংশ। অথচ একসময় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে রাখার কাজে এ ধরনের সিন্দুকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ভূমি অফিসে আসা একজন সেবাগ্রহীতা ঠাকুরপাড়া গ্রামের তোজাম্মেল হক বলেন, “সিন্দুকটি অনেক দিন ধরে এখানে পড়ে থাকতে দেখছি। দেখতে পুরোনো হলেও এটি যে একসময় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো, তা বোঝা যায়। এভাবে পড়ে থেকে নষ্ট হওয়ার চেয়ে সংস্কার করে সংরক্ষণ করা ভালো।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি নথি সংরক্ষণে আধুনিক আলমারি, ফাইলিং ব্যবস্থা ও ডিজিটাল সংরক্ষণ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ফলে পুরোনো ভারী সিন্দুকগুলোর ব্যবহার স্বাভাবিকভাবেই কমেছে।
তবে অব্যবহৃত কোনো সরকারি সম্পদ দীর্ঘদিন ফেলে না রেখে প্রয়োজন অনুযায়ী নিলাম, পুনঃব্যবহার অথবা সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়াও তিনি স্বীকার করেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সিন্দুকটি ভূমি অফিসের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184570