হত্যা মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার

হত্যা মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার

রংপুর প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একরামুল হক (৬৫) হত্যা মামলার আসামি ইয়ানুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার রাতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়ানুর রহমান নীলফামারীর ডোমার উপজেলার হলহলিয়া মির্জাগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহিম ওরফে বুধার ছেলে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এসআরবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এসআরবি সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, নিহত একরামুল হকের পরিবারের সাথে আসামিদের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এই ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ আগস্ট রাতে একরামুল বাড়ির বাইরে বের হলে তাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ কেরানীপাড়ার একটি কালভার্টের ওপর থেকে গলাকাটা অবস্থায় একরামুল হককে উদ্ধার করা হয়।

প্রথমে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ সেপ্টেম্বর রাতে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ নাজমা বেগম বাদি হয়ে ডোমার থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রোববার রাতে ঢাকার উত্তরা থেকে ইয়ানুর রহমানকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184568