শাড়িতে তানজিন তিশার রূপে মুগ্ধ অনুরাগীরা
বিনোদন ডেস্কঃ বিভিন্ন সময়ে নিজের অভিনয় ও স্টাইলিশ উপস্থিতিতে ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী তানজিন তিশা। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল থেকে নিজেকে ক্যামেরাবন্দি করে নতুন করে আলোচনায় এলেন তিনি। রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের চোখ আটকে দিয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন তানজিন তিশা।
গতকাল রোববার (২০সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। পরনে ছিল আগুনরাঙা লাল বেনারসি, হাতে স্টাইলিশ পার্স, সঙ্গে মানানসই গহনা। খোপায় জড়ানো সাদা ফুলে সাজটি পেয়েছে ভিন্নমাত্রা। সব মিলিয়ে রাজকীয় এক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবি ও ভিডিও প্রকাশের পরই তা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ছবিগুলোতে নানা ভঙ্গিমায় পোজ দিতে দেখা গেছে তিশাকে। কখনো স্নিগ্ধ হাসি, কখনো আবেদনময়ী দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন তিনি। হোটেলের ভেতরেই ধারণ করা হয়েছে ছবিগুলো। কালো আবহের ব্যাকগ্রাউন্ডে লাল বেনারসিতে আরও বেশি নজরকাড়া হয়ে উঠেছেন অভিনেত্রী।
ছবিগুলো দেখে চমকে যান তার তানজিন তিশার ভক্তরা। এমন ফ্যাশন-স্টাইলের প্রশংসা করে একজন লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’
পর্দায় সাবলীল অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর ব্যস্ততা এখন আগের চেয়ে অনেকটাই কম। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকছেন, ভক্তদের মাঝে শেয়ার করে নেন নিজের নিত্যনতুন লুক।
এদিকে, পুরোনো এক বিতর্ককে কেন্দ্র করে সম্প্রতি আইনি জটিলতায় পড়েছিলেন তানজিন তিশা। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় আত্মসমর্পণ করলে পরে জামিন পান এই অভিনেত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184533