মিয়ানমারে পাচারের সময় ৩০ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত পৌনে ৯টার দিকে তুমব্রু সীমান্তের আন্তর্জাতিক পিলার ৩৪-এর কাছাকাছি কাস্টমস মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে নেওয়া হচ্ছিল। জব্দ করা ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত এবং যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লানপাড়া গ্রামের মো. হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়াপাড়া গ্রামের জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. আকছার।
বিজিবির হিসাবে, জব্দ করা ওষুধের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184525