কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
 
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে ৫৫ বছর বয়সি সোহরাব হোসাইন এবং ৩২ বছর বয়সি মো. আজিম উদ্দিন মারা গেছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানিয়েছেন।

সোহরাব হোসাইনের কয়েদি নম্বর- ৭১৮/এ। কারাগারে গত ১৪ সেপ্টেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের উদ্দিনের ছেলে সোহরাব হোসাইন।
 
আজিম উদ্দিনের হাজতি নম্বর- ৭৫৮/এ। রোববার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজিম উদ্দিনের বাসা ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়; বাবার নাম আব্দুল আহাদ।
 
সোহরাব হোসাইন ও আজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম বলেন, তারা কী মামলায় কারাবন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
 
পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184508