কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক
মফস্বল ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই যুবকের ভাবি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অভিযুক্ত যুবকের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী শিশু ভাতিজি। এছাড়া এ ঘটনায় আহত ভাবিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তর্কের জেরে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। একপর্যায়ে তিনি ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার মা পেয়ারা বেগম ও আট মাসের শিশু ভাতিজিকে উপর্যুপরি কুপিয়ে ও জবাই করে গুরুতর আহত করেন। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এর আগেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দাদি। খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184476