উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

রংপুর প্রতিনিধি: শীতের আগমনের আগেই সবুজের চাদরে ঢেকে যেতে শুরু করেছে উত্তরের বিস্তীর্ণ কৃষিজমি। কোথাও সারি সারি বাঁধাকপি, কোথাও শিম, মূলা, লালশাক, ধনেপাতা, ফুলকপি ও টমেটোর চারা। আগাম শীতকালীন সবজি চাষে মাঠে ব্যস্ত কৃষকরা। উৎপাদন খরচ ও আবহাওয়ার অনিশ্চয়তা পেরিয়ে আগাম বাজারে ভালো দাম পাওয়ার আশায় নতুন স্বপ্ন দেখছেন তারা।

রংপুর অঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকরা আগাম সবজির পরিচর্যায় ব্যস্ত। কেউ জমিতে সার দিচ্ছেন, কেউ সেচ দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত চারা রোপণে। ইতোমধ্যে কোথাও কোথাও বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। আগাম বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়া যাবে—এমন প্রত্যাশায় দ্রুত ফসল উৎপাদনে সর্বোচ্চ চেষ্টা করছেন কৃষকরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উত্তরের আট জেলা—রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ৩৩ হাজার ৯শ’ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে প্রায় ৩ লাখ ১৪ হাজার টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের কৃষক সফর উদ্দিন জানান, প্রতিবছরের মতো এবারও আগাম শীতকালীন সবজি হিসেবে জমিতে বাঁধাকপি ও ধনেপাতা চাষ করেছেন। তার দাবি, গত বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে প্রতি মণ বাঁধাকপি ২ হাজার টাকা দরে বিক্রি করেছেন। পাশাপাশি প্রায় ১০ হাজার টাকার ধনেপাতাও বিক্রি করেছেন তিনি। উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পাওয়ায় তিনি সন্তুষ্ট।

রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকিও করা হচ্ছে। আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়ায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184469