প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন : জিএম সিরাজ এমপি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া ৫-আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। গত ১৭ বছরের দুঃশাসন থেকে ফিরে এসে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। এর অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
এই লক্ষ্যে তিনি দেশের জাতীয় ক্রীড়াবিদদের ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে ৩০০ জাতীয় ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মানসম্পন্ন যোগ্য খেলোয়াড় তৈরি হবে। শনিবার বিকেলে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সোনারগাঁও মানাস সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ এস এইচ এম শাহ্ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী ও বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ডাঃ সাখাওয়াত হোসেন অপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, খেলার সার্বিক তত্ববধায়নে ছিলেন মিজানুর রহমান মিজান, সবুজ, জুবায়ের হোসেন রনি, আলম প্রামানিক, মাহমুদুল, পলাশ দোলন, আমিন, রাব্বী নুর ইসলাম, বাবু, রানা, জয় কুমার, রতন কুমার। খেলায় বেলতৈল ফুটবল একাদশকে ১-৩ গোলে হারিয়ে চরনাটাবাড়ি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184458