সংস্কারসহ স্থায়ী নির্মাণের দাবি রংপুরের ভাইরাল কাঠের সেতু
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরী থেকে একটু দূরে গ্রামীণ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন একটি কাঠের সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সেতুর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের কাছে এটি পরিচিতি পেয়েছে ভাইরাল কাঠের সেতু নামে। প্রতিদিনই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে এখানে ভিড় করছেন তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ।
সেতুটি রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের রঘু বাজার এলাকার দক্ষিণ বকচি পুকুরের পাড় বা মেকুরা সংলগ্ন স্থানে অবস্থিত। সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ, জলাশয়ের শান্ত সৌন্দর্য এবং কাঠের তৈরি সেতুটির স্বতন্ত্র আবহ দর্শনার্থীদের আকর্ষণ করছে। বিশেষ করে পড়ন্ত বিকেলে সেতু ও আশপাশের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনেকেই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে এবং স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে আসেন।
স্থানীয় বাসিন্দা মো: এনামুল মিয়া বলেন, মহানগরীর তালুক বকশী ও পীরগাছার উচাটারী এলাকার মানুষের কাছে কাঠের এ সেতুটি চলাচলের একমাত্র মাধ্যম। গ্রামের মেঠোপথ ধরে যাতায়াতের সময় ছোট খাল পারাপারে এটি তৈরি করা হয়েছিল। এখন এই সেতুটি সংস্কারে কারো মাথাব্যাথা নেই। আমাদের এলাকায় এটি ভাইরাল কাঠের সেতু হিসেবে পরিচিত। সেতুটি ছোট হলেও ছবি কিংবা ভিডিওতে এর আশপাশের চমৎকার প্রকৃতি পরিবেশ ও মনোমুগ্ধকর দৃশ্যই সবাইকে এখানে টেনে আনে।
দর্শনার্থী আবু আল সামছুল আলম বলেন, ফেসবুকে ছবি ও ভিডিওতে দেখে ভীষণ ভালো লেগেছে। এরপর থেকে কাঠের সেতুটি সরাসরি দেখার অপেক্ষায় ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ স্নিগ্ধ মনোরম পরিবেশে সেতুটির কাছে দাঁড়িয়ে ছবি তোলার অনুভূতি সত্যি আনন্দের।
স্থানীয় বাসিন্দা সোবহান মিয়া জানান, অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা এই ভাইরাল কাঠের সেতুটি রংপুরের স্থানীয় পর্যটন সম্ভাবনার একটি উদাহরণ। পরিকল্পিতভাবে সংরক্ষণ, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে স্থানটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184457