বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল। বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি ও পদ্মায় পুণ্যস্নান মহোৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্বে ভক্তানুরাগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজারো বছরের পুরোনো। পতিত সরকার নোংরামি দিয়ে সেই সংস্কৃতিকে নষ্টের চেষ্টা করেছে। বর্তমান সরকার ৫১টি দেশের সঙ্গে কূটনৈতিক সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করেছে। পাবনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। পাবনাসহ দেশের সংস্কৃতিকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, সেটি আমাদের সরকার দেখবে। আমরা বৈচিত্র্যের এই দেশেও সংস্কৃতি দিয়ে ঐক্য স্থাপন করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুরের যে মহৎ আদর্শ ও মহানুভবতা, সেগুলো আজও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184444