কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক ঘটনায় চার নারী ধর্ষিত গ্রেফতার ৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক ঘটনায় চার নারী ধর্ষিত গ্রেফতার ৫

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ দিনের ব্যবধানে পৃথক ঘটনায় চার নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে তিনটি ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর মামলার আসামিরা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় গত ১৯ আগস্ট রাতে এক নারীকে অন্য এক নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী বাদি হয়ে ফুলবাড়ী থানায় আজিজুল হক, ওবায়দুল হক ও খোতেজা বেগমের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অন্যদিকে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের ২৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া (৩৫) তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। গত ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগীর পক্ষ থেকে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই দিনই পুলিশ পূর্ব ধনিরাম গ্রাম থেকে শাহজালাল মিয়াকে গ্রেফতার করে।

এদিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে ভুক্তভোগী নারীকে ৩৬ বছর বয়সী এবং আট মাসের অন্তঃসত্ত্বা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিআর মামলা করেন।

অপরদিকে, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামে নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী হাসেন আলীর(৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে হাসেন আলীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, চলতি মাসে গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত থানায় পৃথক চারটি নারী গঠিত মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে মামলাগুলোর পাঁচ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর মামলার অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184431