গাজীপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় বুকে ছুরিকাঘাত করে সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে হত্যা করা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সানজিদা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।