হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী
বিনোদন ডেস্কঃ অসুস্থ হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বর্তমানে তিনি মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এবং নিদ্রাহীনতার মতো সমস্যা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করা রিফাত চৌধুরী আশির দশক থেকে লেখালেখির মাধ্যমে সাহিত্যজগতে পা রাখেন। আশির দশকের লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী হিসেবে তিনি ‘ছাঁট কাগজের মলাট’ নামের একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছিলেন। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তাঁর কাব্যিক যাত্রা শুরু হয়। এ পর্যন্ত তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত, সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’ এবং ‘আমি একজন ভৌগোলিক’।
লেখালিখির পাশাপাশি দীর্ঘ অভিনয় জীবনে প্রায় পাঁচ শতাধিক নাটকে কাজ করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন রিফাত। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকে তাঁর অভিনীত ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাঁকে দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন গুণী শিল্পীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন সহকর্মী, নাট্যমর্মী ও ভক্তরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184387