চুয়াডাঙ্গায় ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা, মা আটক
চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশুকন্যার মুখে কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সোনিয়া খাতুন (৩০) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় আলামীন (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারামারিও হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে আলামীন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী শিশুকন্যা আনিকার মুখে ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে সোনিয়া খাতুনের বিরুদ্ধে।
শিশুটির দাদি ঘটনাটি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। পরে পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত জীবননগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি সোলায়মান শেখ বলেন, “নিজের মায়ের হাতে অবুঝ সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184386