জানাজার আগে কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

জানাজার আগে কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এ সময় ছেলের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের বাবা বলেন, “অপ্রতিম আপনাদের স্নেহ ভালোবাসায় বেড়ে উঠেছে। সে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করে দেবেন।

কথা বলার সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বাবার কান্না দেখে জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের অনেককেও চোখ মুছতে দেখা যায়।

পরে কোটবাড়ির গন্ধমতীতে বেলা ১১টার দিকে অপ্রতিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তাকে শেষবারের মতো একনজর দেখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ স্থানীয় হাজারো মানুষ সেখানে জড়ো হন।

অপ্রতিমের মরদেহ দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বজন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184376