অপ্রতিম হত্যার ঘটনায় থানায় মামলা

অপ্রতিম হত্যার ঘটনায় থানায় মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে অপ্রতিমের বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে মামলার বিবরণী সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পংকজ বড়ুয়া বলেন, এরই মধ্যে এ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদেরকে আটক করা হয়েছে। রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন।

তবে এই ঘটনায় সরাসরি কত জন জড়িত ছিলেন, হত্যার নেপথ্যে আইফোন নাকি অন্য কিছু এসব বিষয়ে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেছেন। 

এর আগে গতকাল শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সুরতহালকারী পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত শুক্রবার বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি জিডি করেন। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184374