আখাউড়া সীমান্তের শূন্যরেখার কাছে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

আখাউড়া সীমান্তের শূন্যরেখার কাছে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়ার পাশ থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সীমান্তের ভারতীয় অংশের লংকামোড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকামোড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন। শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। শনিবার রাতে সীমান্তের লংকামোড়া এলাকায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, মরদেহটি ভারতের অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার মাধ্যমে ময়নাতদন্তের জন্য ভারতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখার কাছে পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও সংশ্লিষ্টদের তদন্তের পর বিষয়টি পরিষ্কার হতে পারে।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আব্দুল্লাহপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সীমান্তের শূন্যরেখার কাছে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184372