যে কারণেই মেসিকে বার্সায় ফেরানো হয়নি জাভির

যে কারণেই মেসিকে বার্সায় ফেরানো হয়নি জাভির

স্পোর্টস ডেস্ক : মাঝমাঠে জাভি হার্নান্দেজ আর আক্রমণভাগে লিওনেল মেসির জুটিতে একসময় বিশ্বফুটবল শাসন করেছে বার্সেলোনা। ২০১৫ সালে জাভি কাতালান ক্লাবটি ছাড়ার পর দুজনের পথ দুদিকে বেঁকে যায়। তবে ২০২১ সালে বার্সার প্রধান কোচের দায়িত্বে এসে পুরনো বন্ধু মেসিকে আবারও ক্যাম্প ন্যুয়ে ফেরাতে মারিয়া হয়ে চেষ্টা করেছিলেন জাভি।

তবে এতদিন পর বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে আনলেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। তিনি জানান, সভাপতি হোয়ান লাপোর্তার অনীহার কারণেই মেসির সেই স্বপ্নের প্রত্যাবর্তন বাস্তবে রূপ নেয়নি। মেসি ২০২১ সালে অশ্রুসিক্ত নয়নে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর মাত্র তিন মাস পর ক্লাবের দায়িত্ব পান জাভি।এরপর তাকে বরখাস্ত করে হান্সি ফ্লিককে কোচ বানায় লাপোর্তা প্রশাসন। তবে জাভির দায়িত্বে থাকাকালীন সময়ে ২০২২ কাতার বিশ্বকাপ জেতার পরপরই মেসিকে ফেরানোর বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।

সব নাটকীয়তার পেছনের আসল সত্য তুলে ধরে জাভি সম্প্রতি বলেন, ‘মেসি আমার খুব কাছের বন্ধু এবং আমরা সবসময়ই যোগাযোগ রাখতাম। বার্সেলোনায় ফেরার জন্য সে নিজেও ভীষণ আগ্রহী ছিল, আর আমিও শতভাগ এর পক্ষে ছিলাম। পুরো চার মাস আমরা টানা যোগাযোগের মধ্যে ছিলাম। তবে শেষ পর্যন্ত সভাপতি লাপোর্তা চূড়ান্ত সিদ্ধান্ত জানান যে, তিনি মেসিকে পুনরায় সাইন করাতে চান না। তিনি চাননি মেসি বার্সেলোনায় ফিরুক, এটাই আসল সত্য।’

বিশ্বকাপজয়ী মহাতারকাকে ফেরাতে না পারার আক্ষেপ ঝরে পড়ে জাভির কণ্ঠে, ‘মেসি নিজেও অনেক আশা নিয়ে ছিল, আমি এবং পুরো কোচিং স্টাফও অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু হঠাৎ করেই সভাপতি সবকিছু বাতিল করে দেন। হ্যাঁ, বাস্তবতা এতটাই নিষ্ঠুর ছিল! এটি বাস্তবায়িত হলে ফুটবলের ইতিহাসে একটি স্বপ্নের অধ্যায় হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। বিষয়টি সত্যিই অত্যন্ত আফসোসের।’

অন্যদিকে, আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি। বিষয়টি আগেই জানতেন কি না এমন প্রশ্নে জাভি জানান, নিয়মিত যোগাযোগের কারণেই তিনি এই সিদ্ধান্তের আভাস পেয়েছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184369