বাংলাদেশের বিপক্ষে একতরফা জয় ভারতের
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরে গেল বাংলার মেয়েরা। সেই ম্যাচে ৪০ রানে হারলেও এবারের হারটা আরও বড়, ১১৪ রানে। আর এই জয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত।
জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে ভারতের দেওয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে গেছে লাল-সবুজের মেয়েরা। দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন মাত্র তিন জন। ওপেনার দিলারা আক্তার ২৭, ১০ রান করেন শারমিন আক্তার এবং ১২ রান করেন সুলতানা খাতুন। বাকি ব্যাটাররা কেউই পারেননি দুই অঙ্কের ঘরে নিজেদের রানকে নিয়ে যেতে। ভারতের বোলারদের সামনে কেবল উইকেটে এসেছেন আর সাজঘরে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। জুয়াইরিয়া ফেরদৌস ও রাবেয়া খান রানের খাতাই খুলতে পারেননি। দুজনই আউট হয়েছেন গোল্ডেন ডাকে। ৪৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ১০০ রানের আগে অলআউট তখন ছিল সময়ের ব্যাপার মাত্র।
শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা থেমেছেনও দলীয় শতরানের আগেই। ৮১ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ের দৈন্যদশা আরেকবার সামনে এলো। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন নন্দানি ও দিপ্তী শর্মা। দুই উইকেট শ্রী চরনি। একটি করে ক্রান্তি গাউদ ও শ্রেয়াঙ্কা পাতিল। এর আগে, শুরু থেকে শেষ পর্যন্ত টিকেছিলেন ওপেনিংয়ে নামা ভারতের শেফালি ভার্মা। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা। তার ব্যাটে ভর করেই ভারতের মেয়েরা এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে পায় ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল দলীয় সংগ্রহ।
রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিং করতে নেমে শেফালির অপরাজিত ১০০ রানে ভর করে ভারতের মেয়েরা বাংলাদেশের সামনে এই কঠিন লক্ষ্য দাঁড় করায়। ম্যাচের উদ্বোধনী জুটিতে স্মৃতি মান্ধানার সঙ্গে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন শেফালি। ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন মান্ধানা। আউট হওয়ার আগে রেকর্ড গড়েছেন স্মৃতি। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানা এখন সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে। স্মৃতির রান এখন ৪৭৮৮।
১০ বলে ৩ রান করে ফেরেন গুনালান কামালিনি। কয়েকটি ডট বল খেলার পর সানজিদার বলে চেয়েছিলেন স্লগ সুইপ খেলতে, তবে ধরা পড়েছেন রাবেয়ার হাতে। ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। তবে ওপেনে নামা শেফালি ছিলেন নিজের জায়গায় অবিচল। অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩৩ বলে ৪০ রান করেন আউট হওয়ার আগে ৬ চারে। ১৭৯ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। কিন্তু থামানো যায়নি শেফালিকে। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ৯ ছক্কা ও ৩ চারে ৪৯ বলে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। ৪ বলে ৯ রান করে তার সঙ্গে অপরাজিত ছিলেন ভারতি ফুলমালি। মাঝে ২ রান করে রলা রিকা ঘোষ সাজঘরে ফিরলে ১৮৪ রানে পতন হয় ভারতের চতুর্থ উইকেট। তবে শেষ পর্যন্ত শেফালির সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ দাঁড় করায় ভারতের মেয়েরা।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মারুফা, সানজিদা, রাবেয়া ও নাহিদা। আগামী ২২ সেপ্টেম্বর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184361