টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা
টটেনহ্যামের গোলখরা অবশেষে কাটল, তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নিয়েছে অ্যাস্টন ভিলা। শনিবার রাতে টটেনহ্যামের মাঠে ৩-২ গোলে জিতে চলতি প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিয়েছে উনাই এমেরির দল। অন্যদিকে, টটেনহ্যাম এখনো লিগে জয়ের দেখা পায়নি।
ম্যাচের শুরুতে স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।
সাভিওর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ভিলার গোলরক্ষক সুজুকি। এরপর আর্চি গ্রের শক্তিশালী শটও রুখে দেন তিনি।
ভিলা অবশ্য নিজেদের প্রথম চার লিগ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছিল। তবে দলটির রেকর্ড সাইনিং জোহান মানজাম্বি চোটের কারণে বেশির ভাগ ম্যাচে ছিলেন না।
টটেনহ্যামের বিপক্ষে ফিরেই গোলের খাতা খোলেন সুইস এই ফুটবলার। বুবাকার কামারার ক্রস থেকে বল পেয়ে সহজেই জালে পাঠান তিনি।
প্রথম গোলের পর টটেনহ্যাম আরও চাপে পড়ে। ম্যাচের ৩৫ মিনিটের দিকে মিকি ভ্যান ডি ভেন মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে গেলে নতুন নিয়ম অনুযায়ী অন্তত এক মিনিট একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় টটেনহ্যামকে।
সেই সুযোগ কাজে লাগিয়ে মানজাম্বি গোল করেন।
বিরতির পর ভিলার ব্যবধান আরও বাড়ান নিকোলাস জ্যাকসন। মাঝমাঠ থেকে আসা লম্বা বল নিয়ন্ত্রণ করে ভ্যান হেকে-কে কাটিয়ে নিচু শটে টটেনহ্যামের গোলরক্ষক আন্তোনিন কিনস্কিকে পরাস্ত করেন তিনি।
ম্যাচের ৭৯ মিনিটে ভিলার তৃতীয় গোলটি আসে দারুণ এক শটে। দূরপাল্লা থেকে নিখুঁতভাবে বলকে টটেনহ্যামের গোলের ওপরের কোণে পাঠান এমি বুয়েন্দিয়া।
তার গোলের পর টটেনহ্যাম সমর্থকদের একটি বড় অংশ মাঠ ছেড়ে চলে যায়।
তবে শেষদিকে ম্যাচে উত্তেজনা ফেরায় স্বাগতিকরা। মোহাম্মেদ কুদুসের প্রচেষ্টায় বল পেয়ে কনর গ্যালাঘার নিচু শটে গোল করেন। তার শট ভিলার মাতি ক্যাশের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসনের ফ্রি-কিক থেকে হেড করে টটেনহ্যামের দ্বিতীয় গোল করেন ইয়ান পল ভ্যান হেকে। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184332