নীলফামারীর ডিমলায় গরু চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে কৃষক পরিবার

নীলফামারীর ডিমলায় গরু চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে কৃষক পরিবার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে গরু নিয়ে যাওয়ার ঘটনায় অনেকেই এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। কখন কার বাড়িতে চোরের হানা পড়ে এমন শঙ্কায় নির্ঘুম রাত কাটছে গ্রামাঞ্চলের মানুষের।

গতকাল শুক্রবার রাতে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর পোলঝাড়পাড়া গ্রামের শাহজাহান সবুজ সিদ্দিকীর গোয়ালঘর থেকে সাতটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি ডিমলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি বকনা, একটি ষাঁড় ও তিনটি গাভিন গরুসহ সাতটি গরু নিয়ে যায় দর্বৃত্তরা। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

এর আগে গয়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সবজি বেচাটারী এলাকায় কৃষক মাজেদুল ইসলামের বাড়ি থেকে দু’টি গরু চুরির অভিযোগ ওঠে। প্রায় ২০/২১ দিন আগে তিনটি গরু নেওয়ার চেষ্টা করে চোরেরা। মানুষের চিৎকারে একটি গরু পালিয়ে গেলেও দু’টি গরু নিয়ে পালিয়ে যায় তারা। গরু দু’টির আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া একই ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ি ময়দানের পাড় এলাকায় মিজু আহমেদের বাড়ি থেকেও চার-পাঁচ দিন আগে তিনটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। তার দাবি, চুরি যাওয়া দু’টি গাভিন ও একটি বকনা গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা।

এলাকাবাসীর অভিযোগ, চোরেরা আগে থেকেই বাড়ি ও গোয়ালঘর নজরদারি করে গভীর রাতে সুযোগ বুঝে তালা ভেঙে গরু নিয়ে যাচ্ছে। ফলে অনেক কৃষক পালা করে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফায়সাল মুন বলেন, চুরি বেড়ে যাওয়ায় ইউপি সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। গ্রাম পুলিশকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ডিমলা থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, তিনি এ থানায় নতুন যোগদান করেছেন। গরু চুরির বিষয়টি নজরে এসেছে। চুরি বন্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কৃষক ও খামারিরা রাতের পুলিশি টহল জোরদার এবং চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি চোরাই গরু কেনাবেচার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184320