ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে : আব্দুল মহিত এমপি

ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে : আব্দুল মহিত এমপি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের সকল ভেদাভেদ ভুলে, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা এখনও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে তিনি বলেন, মাদকসেবীদের বিএনপিতে স্থান নেই। দল থেকে মাদকসেবীদের নির্মূলের অভিযান শুরু হয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার দুপুরে উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিএনপির চৌমুহনী আঞ্চলিক কমিটির সভাপতি রোস্তম আলী হিরুর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হেলাল, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184314