ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন
ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। গত ৩ সেপ্টেম্বর দুর্ঘটনাকবলিত হওয়ার পর থেকে এটি হাইওয়ে পুলিশের হেফাজতে ছিল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে থানার চত্বরে রাখা বাসটি আগুনে জ্বলে ওঠে। ফরিদপুর ফায়ার সার্ভিস বাসে আগুনের উৎস বলতে পারেনি। এটি ‘যেকোনোভাবে’ ধরেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটায় এই বাসটি।
ওই দিন মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ময়দার বস্তা বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এ দুর্ঘটনায় সেদিন বাসের সুপারভাইজার নিহত হন। সেদিন থেকেই বাসটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল।
হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, করিমপুর হাইওয়ে থানাটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। এই থানার ভবন ও জায়গাটি নতুন।
হাইওয়ে পুলিশের নিজস্ব জায়গায় এটি গত কয়েক মাস আগে স্থাপন করা হয়েছে। এর আগে অদূরে অন্য একটি ভাড়া ভবনে এই থানার কার্যক্রম চলত। নতুন ভবন হওয়ায় জব্দ করে রাখা যানবাহনগুলো থানার সামনে মহাসড়ক লাগোয়া খোলা মাঠে রাখা হয়। এই বাসটিও মহাসড়ক ঘেঁষে মাঠের এক পাশে রাখা ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184213