পঞ্চগড়ের আটোয়ারীতে আগাছানাশক স্প্রে করে ১৫ বর্গাচাষির ফসল নষ্ট
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিষাক্ত আগাছানাশক স্প্রে করে ১৫ জন বর্গাচাষির প্রায় ১৫ একর জমির ধান পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার দিঘীপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আবুল হোসেন, শামসুল আলম, স্বপন, রাজ্জাকসহ ১৫ জন চাষি একই এলাকার আবুল কাশেমের কাছ থেকে সব মিলিয়ে প্রায় ১৫ একর জমি বর্গা নিয়ে আমন ধান রোপণ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে তারা দেখতে পান, বিস্তীর্ণ এলাকার ধানগাছ বিবর্ণ হয়ে গেছে এবং মরে যাওয়ার উপক্রম হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধানখেতে বিষাক্ত আগাছানাশক স্প্রে করে তা নষ্ট করে দিয়েছে।
ক্ষতিগ্রস্থ বর্গাচাষী আবুর হোসেন জানান, জমি বর্গা নিয়ে ধান চাষ করতে গিয়ে সার, বীজ, কীটনাশক, শ্রমিকসহ বিভিন্ন খাতে তার অনেক টাকা খরচ হয়েছে। ধান নষ্ট হয়ে যাওয়ায় এবার সেই খরচ তো উঠবেই না, উল্টো ঋণের বোঝা বাড়বে। ক্ষতিগ্রস্থ কৃষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের ধান খেতে পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের ধান ক্ষেত পরিদর্শন করা হয়েছে। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে কৃষকদের পক্ষে থাকার কথা ব্যক্ত করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184202