ক্যান্সারে আক্রান্ত মোমেনা বাঁচতে চান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী মোমেনা খাতুন (৫৮) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। প্রতিনিয়ত তীব্র শারীরিক যন্ত্রণায় দিন কাটছে তার।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের শুরুর দিকে মোমেনা খাতুনের শারীরিক সমস্যা দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা নেয়ার পর ওই বছরের এপ্রিল মাসে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ক্যান্সার শনাক্ত হয় বলে জানান পরিবারের সদস্যরা।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সাতটি কেমোথেরাপি দেওয়ার কথা বলা হয়। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসার জন্য পরিবারের যা কিছু ছিল, এমনকি ভিটেমাটিও বিক্রি করেন তারা। প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি এখন ঋণের বোঝায় জর্জরিত।
থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, মোমেনা খাতুনের অসুস্থতার বিষয়টি আমরা জানি। তার চিকিৎসায় সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার চেষ্টা করা হবে। উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, মোমেনা খাতুনের চিকিৎসার জন্য ২০২৪ সালে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল।
বর্তমানে তার চিকিৎসার প্রয়োজনীয়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনা করে সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতার সুযোগ থাকলে ব্যবস্থা করা হবে। মোমেনার চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও দানশীল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সহযোগিতা করতে যোগাযোগ : আব্দুল মোমেন, মোবাইল ও নগদ : ০১৭৮৮-২৩৬৬২৬
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184184