জয়পুরহাটের বাগজানা স্কুল মাঠে বসবে মেলা মনসা পূজাকে ঘিরে উৎসবের আমেজ
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হিন্দুসম্প্রদায়ের মধ্যে এখন মনসা পূজার আয়োজন চলছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী এই পূজাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভাদ্র মাসের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীদের নাগদেবী মা মনসার পূজা অনুষ্ঠিত হয়।
বর্ষা মৌসুমে সাপের উপদ্রব থেকে রক্ষা এবং পরিবারের মঙ্গল কামনায় আষাঢ় থেকে ভাদ্র মাস জুড়ে বাংলার বিভিন্ন অঞ্চলে এই পূজা হয়ে থাকে। এর মধ্যে ভাদ্র সংক্রান্তি ও নাগ পঞ্চমী তিথিতে বিশেষ পূজার আয়োজন করা হয়। উপজেলার বাগজানা স্কুল মাঠে আজ শনিবার মনসা পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে মন্ডবে ইতিমধ্যেই প্রতিমা তৈরি করা হয়েছে।
বাংলার লোকসংস্কৃতিতে মনসা পূজার গুরুত্ব অপরিসীম। এই পূজাকে কেন্দ্র করে গ্রাম বাংলায় বসে জাঁকজমকপূর্ণ মেলা। মেলায় মৃৎশিল্প, বাঁশ ও সোলার কাজের বিভিন্ন সামগ্রী, পুতুল নাচ এবং মনসা মঙ্গল গানের আসর বসে, যা গ্রামীণ জনপদের ঐতিহ্যের এক অনন্য রূপ তুলে ধরে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা ও মেলা হবে জানায় আয়োজক কমিটি।
পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, সকল প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবং শান্তিপূর্ণভাবে মনসা পূজা ও মেলা উদযাপনে পুলিশ সকল প্রকারের সহযোগিতা করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184182