নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারেজের উজানে চলছে অবৈধ পাথর উত্তোলনের মহাযজ্ঞ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ব্যারেজের উজানে ফের বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ পাথর উত্তোলন চক্র। নৌকায় ভারী শ্যালো মেশিন বসিয়ে দিন-রাত তিস্তার তলদেশ খুঁড়ে পাথর তোলার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তিস্তাবাজার, তেলীরবাজার, চরখড়িবাড়ী, বাইশপুকুর, ছাতুনামা ও দোহলপাড়াসহ বিভিন্ন পয়েন্টে তিন শতাধিক মেশিন সক্রিয় রয়েছে। এরমধ্যে তেলীরবাজার এলাকাতেই দেড় শতাধিক মেশিন চলছে। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর আলম খান, আইনুল হক মেসি, মো. হেলাল উদ্দিন ও মানিক মিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী চক্র এ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।
স্থানীয়রা জানান, নদী থেকে উত্তোলন করা পাথর ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে ও আশপাশে এবং তেলীরবাজার থেকে নামানো পাথর শুটিবাড়ী বাজারের উত্তরপাশে অন্তত ১৫টি পয়েন্টে মজুত করা হচ্ছে। পরে এসব পাথর ভেঙে বাজারজাত করা হয়।
এছাড়াও প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করার কথা বলে মেশিন মালিকদের কাছ থেকে প্রতিদিন অর্ধলক্ষাধিক টাকা পর্যন্ত লাইন খরচ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে উপজেলা প্রশাসন ও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিগগিরই আবারও সাঁড়াশি অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম জানান, যোগদানের পর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। গত বৃহস্পতিবার তিস্তা থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর পরিবহনের সময় একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184180