হকিতে ৫ গোলের হারে শুরু বাংলাদেশের এশিয়ান গেমস
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে পুরুষ হকিতে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরেছে জিমি-আশরাফুলরা।
শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারে গোল না হলেও দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের গতি বাড়িয়ে তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। বিপরীতে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
৩-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও এক গোল করে তারা ব্যবধান বাড়ায় ৪-০। শেষ কোয়ার্টারেও বাংলাদেশের রক্ষণ ভেদ করে আরও একবার গোল পায় কোরিয়ানরা।
শেষ পর্যন্ত ৫-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুরো ম্যাচে কোরিয়ার রক্ষণে বড় ধরনের চাপ তৈরি করতে পারেনি তারা।
প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য থাকছে বাংলাদেশের সামনে। আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184164