ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ১০৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১০৩ জন।
মৃত দুইজন হলেন, ময়মনসিংহের তারাকান্দা থানাধীন নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্রী কুলসুমা (৫০)।
ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন আল আমিন। তার ডেঙ্গু জ্বরের সঙ্গে তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস, ডায়াবেটিস এবং ইস্কেমিক হার্ট ডিজিজ/হৃদ্যন্ত্রের রক্তনালির রোগ রয়েছে। আর কুলসুমাকে ভর্তি করা হয় একইদিন বিকেল চারটার দিকে। তার ডেঙ্গু জ্বরের সঙ্গে তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস অবস্থায় ছিল। তাদেরসহ অন্যান্য রোগীদের যথাযথ চিকিৎসাসেবা চলছিল।’
এরই মধ্যে আইসিইউতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আল আমিন ও সকাল সাড়ে ১০টার দিকে কুলসুমা মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১০৩ জন ভর্তি আছে তাদের মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ৩৬ জন ও শিশু রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২ হাজার ৩৮৪ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184122