নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে অন্য জায়গার

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে অন্য জায়গার

মফস্বল ডেস্ক : ফরিদপুর শহরে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শহরের খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে এ মিছিল হয়েছে দাবি করে সন্ধ্যা ৭টায় মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা দিশান নিজের ফেইসবুকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলামের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে উল্লেখ করেন।

৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩০-৩৫ জন হেলমেট পরা ছিল, বাকিরা প্রায় সবাই মাস্ক পরিহিত। মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ব্যানারের মাঝের অংশে লাল অক্ষরে বড় করে ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ছিল। এছাড়া ব্যানারের সামনে স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগ নেতা আফিককে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভিডিওটি দেখেছি। তবে মিছিলটি যে শহরের বাইপাস সড়কে করা হয়েছে আমাদের কাছে এমন মনে হয়নি।

অন্য জায়গায় ধারণ করে ফরিদপুর শহরের বাইপাস সড়কের ভিডিও বলে চালানো হতে পারে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184117