সৌদি আরবের কাছে ৪৮ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অনুমোদিত সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে চুক্তিটি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত বিক্রির মাধ্যমে সৌদি আরবের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও উন্নত হবে। পাশাপাশি সৌদি বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে আত্মরক্ষার সক্ষমতাও জোরদার হবে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে আসছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলই এই ধরনের যুদ্ধবিমান পরিচালনা করে। সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অবশ্য বলেছে, প্রস্তাবিত বিক্রির ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তন হবে না। এটি দীর্ঘদিনের মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার অধীনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক সক্ষমতার বিশেষ অবস্থান বজায় রাখার বিষয়টি বিবেচনা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184109