দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সামনে। একাদশে ছয়জন সিনিয়র ফুটবলারকে ফিরিয়ে এনে রক্ষণাত্মক কৌশলে দল সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার।
কিন্তু শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত কোনো প্রতিরোধই কাজে আসেনি। গোলরক্ষক রুপনা চাকমার দারুণ কিছু সেভের পরও ৬-০ গোলের বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই অতি-রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে সেই রক্ষণ ভাঙতে খুব বেশি সময় নেয়নি কোরিয়ানরা।
ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় দক্ষিন কোরিয়া। জি সো-ইয়ুন এর পাস থেকে বল পেয়ে গোল করেন কিম মিন-জি।
এরপর রক্ষণে আরও বেশি সতর্ক হয় বাংলাদেশ। তবুও আরও একবার বাংলাদেশের জালে বল জড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।
তবে ৪২ মিনিটে জং দা-বিনের গোলে পিছিয়ে পড়ে ২-০ স্কোরে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশের প্রতিরোধটা বেশ ভালোই ছিল। ৬৫তম মিনিটে ভাঙে সেই প্রতিরোধ, তৃতীয় গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া।
এরপর দ্রুতই ক্লান্তি ভর করে বাংলাদেশের ফুটবলারদের ওপর। ৭৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে দক্ষিণ কোরিয়া। দুই মিনিট পরই পঞ্চমবার বাংলাদেশের জালে বল জড়ায় তারা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় দক্ষিণ কোরিয়া।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184031