স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতোটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।
আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, যিনি একটি সংবাদপত্র বা গণমাধ্যমের মালিকানায় যিনি থাকেন, তার কর্মীদের বেতন ভাতা দিয়ে পরিচালনা করার সক্ষমতা আছে কিনা সেটা খতিয়ে দেখা জরুরি। এ সময়, অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর ভুল তথ্য থেকে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহ্যগত ধারাবাহিকতা রক্ষা করে এবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এক বড়ো গৌরবের বিষয়।
বিরোধীদলের কর্মসূচি নিয়ে সালেহ শিবলী বলেন, দাবি আদায়ে বিরোধীদলের কর্মসূচি থাকবে, তবে জনগণ কোনটা গ্রহণ করবে সেটা তারা নিজেরাই বিবেচনা করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184026