চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ কেজি গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ কেজি গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ৪ কেজি ৯৫০ গ্রাম গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ ব্যাটালিয়নের নিজস্ব বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৯৫০ গ্রাম গানপাউডার এবং ১০টি ককটেল উদ্ধারপূর্বক জব্দ হয়। র‌্যাব আরও জানায়, অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধার বিস্ফোরক পদার্থগুলো নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুস্কৃতকারীরা ওই বাগানে সংরক্ষণ করেছিল।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এ অভিযানে জব্দ বিস্ফোরকগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় জমা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183990