বগুড়ার সোনাতলায় হিন্দু সম্প্রদায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বগুড়ার সোনাতলায় হিন্দু সম্প্রদায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরিতে তাদের কাছে এখন দিন-রাত যেন সমান। উপজেলার বিভিন্ন মন্দির ও পালপাড়ায় প্রতিমা তৈরির প্রাথমিক কাঠামো (বাঁশ, কাঠ, খড় ও মাটি) তৈরির কাজ শেষে এখন চলছে নিখুঁত প্রলেপ এবং রং-তুলির সুনিপুণ ছোঁয়ার প্রস্তুতি। অনেক প্রতিমা শিল্পী দূর-দূরান্ত থেকে কাজের জন্য সোনাতলায় এসেছেন।

বংশ পরম্পরায় চলে আসা এ পেশাকে টিকিয়ে রাখতেই তারা দিনরাত কাজ করছেন।  কাদা-মাটি, বাঁশ, খড়, রং, কাপড় ও অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরির উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে পরিশ্রম ও খরচের তুলনায় আশানুরূপ পারিশ্রমিক বা লাভ না পাওয়া নিয়ে চিন্তিত কারিগররা।

খরচ ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বইছে উৎসবের আবহ। নির্ধারিত সময়ের আগেই সব প্রতিমা বিভিন্ন পূজা মণ্ডপে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন তারা।

এ বিষয়ে সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুমার জৈন নতুন বলেন, এবার প্রতিমা তৈরিতে উৎপাদন খরচ প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, চলতি বছর বগুড়ার সোনাতলায় প্রায় অর্ধশতাধিক মন্দিরে দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183985