জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা ও লুটপাট

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা ও লুটপাট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোড়াপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াপা গ্রামের সাইদার মন্ডলের স্ত্রী তারা বেগমের সাথে প্রতিবেশী রায়হানের স্ত্রী নাসরিন বেগম, মৃত আমের আলীর ছেলে জামান, মৃত মঞ্জিল উদ্দিনের ছেলে মোতালেব ও মো. রনির সাথে জমি নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিন। বিষয়টি সমাধানে আগেও গ্রাম্য সালিশ ও থানায় অভিযোগ দেওয়া হয়, কিন্তু সুরাহা মেলেনি।

গত ১৪ সেপ্টেম্বর আবারও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা বাড়িতে প্রবেশ করে মারধর, স্বর্ণের চেইন, নাকফুল ও ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, তারা বেগমের বাড়ির সামনের ঘেরা ৫ শতক সম্পত্তি পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জলের। আর বাড়ির পিছনের সম্পত্তি তারা বেগমের। এই পিছন দিকের সম্পত্তিতে তারা বেগম মুরগিরসেড নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়।

এ নিয়ে সৃষ্টি হয় মারামারি। ফলে প্রতিপক্ষ তার পিছনে যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় ও বাড়িতে হামলা-ভাঙচুর করে। এর আগে উভয়পক্ষের মধ্যে ৫ শতক জায়গা পরিবর্তনের চুক্তি হয়েছিল কিন্তু পরে মিমাংসা না হওয়ায় এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় গ্রামবাসী ইসমাইল, অভিযুক্ত জামান ও রনি জানান, আমরা তাদের মারধর, স্বর্ণালংকার বা টাকাও লুট করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিষয়টি সমাধানে বৈঠকে বসা হয়েছিল কিন্তু উভয়পক্ষই উত্তেজনা সৃষ্টি করে চলে যায়।

তবে উভয়কে নিয়ে আবারও বৈঠকের কথা হয়েছে। এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183984